ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দশমিনায় ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকরের প্রথম রাতেই তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ীয়া গ্রামের হাবিব হাওলাদার (৫৫), মাহাবুব (৫২) ও খোকন হাওলাদার (৪৫)। আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা করে জরিমানা করেন।
তবে সংশ্লিষ্টদের ভাষ্য, ওই তিনজন ইলিশ ধরতে নদীতে যাচ্ছিলেন না। তারা ট্রলারে করে তেঁতুলিয়া নদী পার হয়ে চরহাদী এলাকায় চিংড়ি ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তাদের কাছে হাতে টানা তিনটি মইয়া জাল ছিল।
অভিযানের সময় জালগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা, মাছ বহন ও পরিবহন, কেনাবেচা এবং মজুদ নিষিদ্ধ। মাছ ধরার সরঞ্জামসহ নদীতে অবস্থান করায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, মা ইলিশ সংরক্ষণে দশমিনার বিভিন্ন নদ-নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালাবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!