ছবি:সংগৃহীত
মৌলভীবাজার শহরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি ও সংরক্ষণে প্রয়োজনীয় লাইসেন্স এবং অনুমোদন যাচাইয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শহরের শমশেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণ না করায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক। এ সময় ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ, আইন মেনে ব্যবসা পরিচালনা এবং নিরাপদ উপায়ে এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য শুধু জরিমানা আদায় করা নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা। পাশাপাশি গ্যাস বিক্রি ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো।
তিনি জনস্বার্থে এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং নিরাপত্তাবিধি মেনে দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
এলপিজি বিক্রিতে লাইসেন্স মৌলভীবাজারে অভিযান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!