যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

পঞ্চগড়ে অবৈধভাবে সার পরিবহন, ১২০ বস্তা জব্দ ও ডিলারকে জরিমানা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ PM ৪১
পঞ্চগড়ে অবৈধভাবে সার পরিবহন, ১২০ বস্তা জব্দ ও ডিলারকে জরিমানা

ছবি:সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ১২০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এবং ডিলারশিপ বাতিলের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সাতখামার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাতখামার এলাকায় মেসার্স নুরনবী এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২০ বস্তা ডিএপি সার একটি ট্রাক্টরে তোলা হয়। পরে সেগুলো আটোয়ারী উপজেলার এক খুচরা ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয় কয়েকজন ট্রাক্টরটি আটক করেন।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাক্টরটি জব্দ করে উপজেলা কৃষি কার্যালয়ে নিয়ে যায়।

পরবর্তী সময়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে সার পরিবহনের দায়ে ডিলার প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সার বিক্রি নিষিদ্ধ এবং ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা ১২০ বস্তা ডিএপি সার পরে স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত দামে বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ বোদা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও রবিউল ইসলাম বলেন, কৃষকদের অধিকার ক্ষুণ্ন করে সরকারি সার কালোবাজারে বিক্রি বা অবৈধভাবে পাচারের যেকোনো চেষ্টার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সার নিয়ে কারচুপি রোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

পঞ্চগড়ের খবর অবৈধ সার পরিবহন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!