যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রেলযাত্রা কমাতে ৮১ কিমির উড়ালপথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ PM ২৯
ঢাকা-চট্টগ্রাম রেলযাত্রা কমাতে ৮১ কিমির উড়ালপথ

প্রস্তাবিত ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথের ফাইল ছবি। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রামে রেলপথে যাতায়াতের দূরত্ব ও সময় কমাতে শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ উড়াল রেলপথ নির্মাণের প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে পারে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রস্তাবিত কর্ডলাইন চালু হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাত্রার সময় সাশ্রয় হবে দেড় থেকে দুই ঘণ্টা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। লিখিত বক্তব্যেও প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা ও সম্ভাব্য ব্যয়ের বিষয়টি তুলে ধরা হয়।

উপদেষ্টা জানান, জমি অধিগ্রহণের কাজ শেষ হওয়ার পর প্রকল্প বাস্তবায়নে আনুমানিক চার বছর লাগতে পারে। তবে পুরো রেলপথ উড়াল কাঠামোয় নির্মাণ করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রেলপথ মন্ত্রণালয় এ ধরনের নির্মাণের প্রস্তাব দিয়েছে, যা গত ৫ অক্টোবর উপস্থাপন করা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে।

প্রকল্পের ব্যয় ও জমির হিসাবেও রয়েছে পার্থক্য। পুরো পথ উড়াল কাঠামোয় নির্মাণ করা হলে প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে মাটির বাঁধ ও উড়ালপথ মিলিয়ে নির্মাণের বিকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৭৩ হাজার ৫৭৭ কোটি টাকা। সম্পূর্ণ উড়ালপথ নির্মাণের প্রস্তাবে ব্যয় প্রায় ১০ হাজার ৩২৪ কোটি টাকা বেশি হবে।

প্রস্তাবিত রেলপথটি ডাবল ট্র্যাকের ব্রডগেজ লাইনে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে ভবিষ্যতে বৈদ্যুতিক ট্রেন চালানোর সুযোগ থাকবে। রেলপথটি প্রতি অ্যাক্সেলে ২৫ টন ভার বহনে সক্ষম করে নকশা করার কথা জানানো হয়েছে। এর নকশাগত সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার এবং পরিচালনগত সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

তবে প্রকল্পটি এখনো প্রস্তাব ও প্রাথমিক ব্যয় নির্ধারণের পর্যায়ে রয়েছে। তাই নির্মাণের ধরন, চূড়ান্ত ব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা নির্ভর করবে সরকারের পরবর্তী সিদ্ধান্ত ও প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদনের ওপর।

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!