যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে মাকে হত্যার অভিযোগ, পাঁচ ঘণ্টার অভিযানে ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ PM ৪০
কুড়িগ্রামে মাকে হত্যার অভিযোগ, পাঁচ ঘণ্টার অভিযানে ছেলে আটক

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে মা-বাবাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ছেলে মোস্তাকিন আলম শোভনকে (৩৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ১১টার দিকে সদর উপজেলার হলখানা ইউনিয়নগামী ‘ভাইরাল সড়ক’ থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করা হয়।

নিহত মুনিরা বেগমের বয়স ৫৬ বছর। তিনি অবসরপ্রাপ্ত টেক্সটাইল প্রকৌশলী সরদার আলীর (৬৫) স্ত্রী। ছেলের ছুরিকাঘাতে সরদার আলীও গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোভন মাদকাসক্ত বলে পরিবারের সদস্য ও এলাকাবাসীর দাবি। তাঁদের ভাষ্য অনুযায়ী, এর আগে কয়েকবার মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে পাঠানো হলেও সেখান থেকে পালিয়ে এসেছিলেন তিনি। বুধবার তাঁকে আবারও নিরাময়কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন মা-বাবা। এ নিয়ে ক্ষোভ থেকে তিনি তাঁদের ওপর হামলা চালিয়ে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের। তবে হামলার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মা-বাবাকে ছুরিকাঘাতের পর শোভন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। পরে হলখানাগামী ভাইরাল সড়ক থেকে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

ওসি কামাল হোসেন বলেন, তিনি নিজেও অভিযানে অংশ নিয়ে শোভনকে আটক করেছেন। নিহতের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুড়িগ্রাম মাকে হত্যা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!