যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

মাদারীপুর

শিবচরে মা ইলিশ রক্ষার অভিযান, ১০ জেলের কারাদণ্ড ও দেড় লাখ মিটার জাল ধ্বংস

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ PM ৪১
শিবচরে মা ইলিশ রক্ষার অভিযান, ১০ জেলের কারাদণ্ড ও দেড় লাখ মিটার জাল ধ্বংস

জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরার অভিযোগে মাদারীপুরের শিবচরে ১০ জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিবচর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। নদীতে মাছ ধরার সময় জেলেদের আটক করার পাশাপাশি জব্দ করা হয় নিষিদ্ধ জাল। পরে নদীর তীরেই সেগুলো পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। তাঁদের সঙ্গে শিবচর থানা ও নৌ পুলিশের সদস্যরাও ছিলেন।

অভিযানের অংশ হিসেবে পদ্মার চরাঞ্চলভুক্ত বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা বাজারে অস্থায়ী ইলিশের হাট ও দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মা ইলিশ রক্ষায় সচেতন ও সতর্ক করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং মৎস্যজীবী দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে পদ্মা নদীতে নিয়মিত নজরদারি চালানো হবে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মাদারীপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!