যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

উগ্রবাদ ও সামাজিক বিভাজন মোকাবিলায় গবেষণাকে কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ PM ৭৮
উগ্রবাদ ও সামাজিক বিভাজন মোকাবিলায় গবেষণাকে কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ছবি:সংগৃহীত

উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা এবং সামাজিক বিভাজনের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফল বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘সহিংস উগ্রবাদ মোকাবিলায় মানবকেন্দ্রিক ও প্রমাণভিত্তিক নীতি’ শীর্ষক সম্মেলনে গবেষণা ও নীতিনির্ধারণের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শুধু গবেষণাপত্র প্রকাশ, উদ্ধৃতির সংখ্যা বৃদ্ধি কিংবা গবেষকের পেশাগত পরিচিতি শক্তিশালী করাই গবেষণার চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত নয়। গবেষণার ফলাফল যদি মানুষের জীবনযাত্রা ও সমাজের বাস্তব সমস্যার সমাধানে কাজে আসে, তবেই সেই গবেষণার প্রকৃত মূল্যায়ন সম্ভব।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সমাজের বাইরে কোনো বিচ্ছিন্ন প্রতিষ্ঠান নয়। তাই সমাজে উগ্রবাদ, অসহিষ্ণুতা ও সহিংসতার মতো সমস্যার কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়গুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

মামুন আহমেদের মতে, উগ্রবাদকে কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে সমস্যাটির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে না। এর পেছনে থাকা সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য কারণও গভীরভাবে পর্যালোচনা করা দরকার।

এ জন্য বিভিন্ন বিষয়ের গবেষকদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, জটিল সামাজিক সংকটের কার্যকর সমাধানের জন্য একাধিক জ্ঞানক্ষেত্রের গবেষণা একসঙ্গে কাজে লাগানো প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও ক্যাম্পাসে বিভিন্ন ধর্ম, বিশ্বাস এবং সামাজিক পটভূমির শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংলাপের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান।

তিনি মনে করেন, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, যুক্তিবোধ এবং বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করবে।

ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় সম্মেলনটি আয়োজন করা হয়।

‘ইন্টার রিলিজিয়াস ডায়ালগ, রিজিলিয়েন্স বিল্ডিং, অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ শীর্ষক উপপ্রকল্পের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সিকিউরিটি পলিসি ল্যাব এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ যৌথভাবে এ আয়োজন করে।

সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. গর্ডন ক্লাব। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম।

ইউজিসি চেয়ারম্যান সহিংস উগ্রবাদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!