যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষায় Listening-Speaking দক্ষতায় বাড়তি গুরুত্ব, জানালেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ PM | সর্বশেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ PM ৮২
প্রাথমিক শিক্ষায় Listening-Speaking দক্ষতায় বাড়তি গুরুত্ব, জানালেন ববি হাজ্জাজ

ছবি:সংগৃহীত

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভাষা শেখানোর ক্ষেত্রে শুধু পড়া ও লেখার ওপর নির্ভর না করে শ্রবণ ও কথন দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, নতুন কারিকুলামে ভাষা শিক্ষার চারটি মৌলিক দক্ষতা—শ্রবণ, কথন, পঠন ও লিখন—সমানভাবে বিকাশের সুযোগ রাখা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের কথা বুঝতে পারা, স্পষ্টভাবে নিজের বক্তব্য তুলে ধরা এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগের সক্ষমতা অর্জন করবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ টিএমটিই সদস্য সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, একটি ভাষা শেখার প্রাথমিক ভিত্তি তৈরি হয় শোনা ও অনুশীলনের মাধ্যমে। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা গড়ে তোলার পাশাপাশি কথার মাধ্যমে নিজেদের ভাব প্রকাশের সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বৈশ্বিক জ্ঞানভাণ্ডারে শিক্ষার্থীদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে ভাষাগত সক্ষমতা গুরুত্বপূর্ণ। এজন্য প্রাথমিক শিক্ষার স্তর থেকেই কার্যকর ভাষা শিক্ষার পরিবেশ তৈরি করা প্রয়োজন।

প্রাথমিক শিক্ষায় শুধু সাক্ষরতার হার বাড়ানো যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক ও ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধের বিকাশও নিশ্চিত করতে হবে।

শ্রেণিকক্ষে পাঠ্যবইকেন্দ্রিক শিক্ষাদানের পরিবর্তে প্রযুক্তি ও সৃজনশীল উপকরণ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। ভিডিও, ওয়ার্কবুক, ডিজিটাল কনটেন্ট এবং বিভিন্ন শিক্ষামূলক খেলাধুলার মাধ্যমে পাঠদানকে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান শিক্ষকদের।

অনুষ্ঠানে টিএমটিই বাংলাদেশের প্রধান সমন্বয়ক রিয়াজ পারভেজ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপপরিচালক মারিয়া রেহমান।

সম্মেলনে টিএমটিই বাংলাদেশের সদস্য এবং শিক্ষা খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রাথমিক শিক্ষা শ্রবণ দক্ষতা কথন দক্ষতা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!