ছবি: সংগৃহীত
বাংলাদেশের মার্ভেল ভক্তদের জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের একদিন আগেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আগামী ৩০ জুলাই থেকে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি হিসেবে সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটির মুক্তির তারিখ ৩১ জুলাই নির্ধারণ করা হলেও বাংলাদেশের দর্শকরা একদিন আগেই এটি উপভোগের সুযোগ পাচ্ছেন।
দেশের অন্যতম বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ৩০ জুলাই থেকে তাদের সব শাখায় প্রদর্শিত হবে সিনেমাটি।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় নির্মিত এই সিনেমায় আবারও জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ডকে দেখা যাবে পিটার পার্কার তথা স্পাইডার-ম্যান চরিত্রে। এমজে চরিত্রে ফিরছেন জেনডায়া। পাশাপাশি জেকব ব্যাটালন ও মার্ক রাফালোর মতো পরিচিত মুখও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পরবর্তী সময়কে কেন্দ্র করে এগিয়েছে নতুন সিনেমার গল্প। এতে পিটার পার্কারের জীবনের নতুন অধ্যায়, এমজের পরিবর্তিত জীবন এবং নতুন কিছু রহস্যময় চরিত্রের আগমন দেখানো হবে।
সিনেমাটিতে ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী স্যাডি সিঙ্কের পাশাপাশি ‘ডেয়ারডেভিল’–এর জনপ্রিয় চরিত্র ‘দ্য পানিশার’ হিসেবে জন বার্নথালের প্রত্যাবর্তনও মার্ভেল ভক্তদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠেছে।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। এটি ‘স্ক্রিন-এক্স’ প্রযুক্তির মাধ্যমে নির্মিত প্রথম চলচ্চিত্র, যেখানে দর্শকরা মূল পর্দার পাশাপাশি দুই পাশের দৃশ্যও দেখতে পারবেন। এর ফলে থিয়েটারে তৈরি হবে আরও বিস্তৃত ও নিমগ্ন সিনেমার অভিজ্ঞতা।
স্পাইডার-ম্যান ভক্তরা এখন অপেক্ষায় আছেন পিটার পার্কারের নতুন যাত্রা এবং গল্পের নতুন চমক দেখার জন্য।
স্পাইডার-ম্যান মার্ভেল সিনেমা হলিউড টম হল্যান্ড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!