ছবি: সংগৃহীত
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তাঁর মেয়ের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাসভবনের সামনে জড়ো হন স্থানীয়রা। এ সময় তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন।
স্থানীয়দের অভিযোগ, এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের সঙ্গে সোমবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে শিশু ও অভিভাবকদের সঙ্গে আবারও বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তারা।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে এক অভিভাবকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এবং তাকে আঘাত করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সংগঠিত হয়ে এমপির বাড়ির সামনে অবস্থান নেন।
বিক্ষোভের একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন বাড়ির গেটে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপে জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
যশোর জামায়াতে ইসলামী বিক্ষোভ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!