ছবি: সংগৃহীত
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা মধ্যস্বত্বভোগীর সম্পৃক্ততা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই। জনগণের জন্য নির্ধারিত এই কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণই ক্ষমতার মূল উৎস এবং সরকার জনগণের সেবক হিসেবে কাজ করছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
পরে অতিথিরা স্বনির্ভর খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বরিশাল ফ্যামিলি কার্ড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!