ছবি: সংগৃহীত
সাতক্ষীরা সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযানে জব্দ করা প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
বিজিবি জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা। এসব মাদক সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে উদ্ধার করা হয়েছিল।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে মোট ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসব ঘটনায় ৪১ জনকে আটক করা হয়েছে।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, এক কেজি হেরোইন, ২ কেজি ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১৪ বোতল এলএসডি, বিভিন্ন ধরনের মদ, অবৈধ ওষুধ, ভারতীয় পাতার বিড়ি, গাঁজা এবং অন্যান্য মাদকজাতীয় সামগ্রী।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন।
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজিবি, পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা মাদকবিরোধী অভিযান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!