ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) রাতে কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের ভেতরে থাকা একটি আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ছয়জন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তথ্য অনুযায়ী, নিহতদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এর আগেও অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০১৮ সালে নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে দোকানে আগুন লেগে চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশি প্রাণ হারান।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি অগ্নিকাণ্ড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!