ছবি: সংগৃহীত
অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে প্রয়োজন ছাড়া সিজারিয়ান অপারেশন (সিজার) না করার বিষয়ে চিকিৎসকদের উৎসাহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, নবজাতকের সুস্থতার জন্য মায়ের শালদুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে মা ও পরিবারকে আরও সচেতন করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর নিপসমে আয়োজিত একটি গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের পুষ্টির ঘাটতির কারণে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। মায়ের বুকের প্রথম দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জন্মের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানোর বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, চিকিৎসকরা মানুষের শেষ আশ্রয়স্থল। চিকিৎসকদের আন্তরিক আচরণ ও সহানুভূতিশীল মনোভাব রোগীদের মানসিকভাবে সুস্থ হতে সহায়তা করে।
দেশে যক্ষ্মা (টিবি) সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা সহজ করতে উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণ এবং ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সিজার
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!