যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

ভর্তি সুযোগ না পেয়ে আইআইটির ওয়েবসাইটে হ্যাক, তরুণকে দক্ষতা প্রমাণের সুযোগ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ PM

২২
ভর্তি সুযোগ না পেয়ে আইআইটির ওয়েবসাইটে হ্যাক, তরুণকে দক্ষতা প্রমাণের সুযোগ

ছবি: সংগৃহীত

ভারতের দুটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় এক তরুণকে আইনি শাস্তির পরিবর্তে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কানপুর।

জানা গেছে, সাইবার সিকিউরিটি বিষয়ে চালু হওয়া নতুন একটি ব্যাচেলর কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন ওই তরুণ। তবে প্রাথমিক বাছাইয়ে সুযোগ না পাওয়ার পর তিনি দুটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে একটি বার্তা রেখে যান।

ওয়েবসাইটে দেওয়া বার্তায় তিনি লিখেছিলেন, তার প্রয়োজন শুধু একটি ন্যায্য সুযোগ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক করা ওয়েবসাইটের স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করেন, কারও ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না; বরং নিজের প্রযুক্তিগত দক্ষতা প্রমাণ করতেই তিনি এ কাজ করেছেন।

তরুণটির দাবি, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও তাকে ভর্তি প্রক্রিয়ার হ্যাকাথন ধাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

আইআইটি কানপুরের পরিচালক মণীন্দ্র আগরওয়াল জানান, আবেদনকারীর পূর্ব অভিজ্ঞতা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী না হওয়ায় তাকে নির্বাচিত করা হয়নি। পাশাপাশি চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও শেষ হয়ে গেছে।

তবে বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। আইনি ব্যবস্থা না নিয়ে ওই তরুণকে ক্যাম্পাসে ডেকে বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। পরীক্ষায় সফল হলে আগামী শিক্ষাবর্ষে ভর্তির বিষয়টি বিবেচনা করা হতে পারে।

একই সঙ্গে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাকে বোঝাবেন যে, প্রযুক্তিগত জ্ঞান থাকলেও অনুমতি ছাড়া কোনো কম্পিউটার সিস্টেমে প্রবেশ করা আইন ও নৈতিকতার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

আইআইটি কানপুর হ্যাকিং

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!