যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

মিয়ানমার ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৫:০৮ PM

মিয়ানমার ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে মিয়ানমার বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে মিয়ানমার রাজি হয়েছে বলে তিনি দাবি করেন।

বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের চেন্নাহ শহরে এক জনসভায় আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি থাকলেও মিয়ানমার এতদিন তাদের গ্রহণে রাজি ছিল না। সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, “মিয়ানমার এখন মালয়েশিয়া থেকে পাঁচ হাজার এবং বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে। এটি সম্ভব হয়েছে ধারাবাহিক আলোচনা ও সতর্ক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে।”

তিনি আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সংলাপের মাধ্যমে জটিল আন্তর্জাতিক সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে সহিংসতার পর মিয়ানমারের সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে মিয়ানমার।

বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক সহায়তায় জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। অন্যদিকে, জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন।

জনসভায় আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, অনুমোদিত শরণার্থী শিবির বা নির্ধারিত এলাকার বাইরে অবস্থান করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি জানান, এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্য মিয়ানমারের আনুষ্ঠানিক সরকারি ঘোষণা নয়। বাংলাদেশ, মিয়ানমার বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া গেলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

রোহিঙ্গা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফেরত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!