ছবি : সংগৃহীত
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ৯৫০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি (৩) এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে আগামী ১৫ থেকে ১৬ আগস্টের মধ্যে দেশের জন্য ৪২তম এলএনজি কার্গো কেনা হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এলএনজি কেনা হবে।
এই এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা। এ ব্যয়ের মধ্যে অগ্রিম আয়করও অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করলে বৈঠকে তা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সিঙ্গাপুর এলএনজি কার্গো আসছে
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!