ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের পর এবার চারজন সহকারী প্রক্টরও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নতুন প্রক্টর ও একজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌসকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
এদিকে, গত ২৯ জুলাই জারি করা পৃথক দুটি অফিস আদেশে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন নিয়োগ ২৯ জুলাই থেকেই কার্যকর হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রক্টর পদত্যাগ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!