যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রী-চালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৬ PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রী-চালক

ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনভর মহাসড়কের বিভিন্ন অংশে যানজট দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যানবাহনের ধীরগতি ও দীর্ঘ সারি অব্যাহত ছিল।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে। একইভাবে চট্টগ্রামমুখী লেনে ক্যান্টনমেন্ট থেকে আলেখারচর বিশ্বরোড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা গেছে।

যানবাহনগুলো কখনো ধীরে চললেও আবার দীর্ঘ সময়ের জন্য থেমে থাকছে। ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বৃষ্টির কারণে মহাসড়কের একটি অংশে গর্ত তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মেরামতকাজ চলায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়েছে।

যানজটে আটকে থাকা যাত্রীরা ভোগান্তির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রী মো. শোয়েব বলেন, কয়েক মিনিটের পথ পার হতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। এ ধরনের পরিস্থিতিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরেক যাত্রী আফসার হোসেন বলেন, সংস্কারকাজ শুরুর আগে মানুষকে জানানো প্রয়োজন ছিল। এতে প্রবাসীসহ জরুরি কাজে যাতায়াতকারীরা সমস্যায় পড়ছেন।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, বৃষ্টির কারণে মহাসড়কের কিছু স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। সেগুলো ছোট পরিসরে মেরামতের কাজ চলছে। তবে বড় ধরনের কোনো সংস্কারকাজ চলছে না।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!