ছবি : সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সাবেক সাংবাদিক ও প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা দেইসি আলেহান্দ্রা ওমানিয়া ওরতিজ সিনেটর হিসেবে শপথ নিয়েছেন। প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের অধিকার ও সামাজিক সুরক্ষার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে জায়গা করে নিয়েছেন।
কলম্বিয়ার সংবাদমাধ্যম লা ওপিনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে ‘আমারান্তা হ্যাঙ্ক’ নামে পরিচিত ৩৩ বছর বয়সী ওরতিজ গত সোমবার বোগোতায় বামপন্থী জোট হিস্টোরিক প্যাক্টের সিনেটর হিসেবে শপথ নেন।
ওরতিজ আগে সাংবাদিকতা পেশায় ছিলেন। ২০১৭ সালে সাংবাদিকতা ছেড়ে তিনি প্রাপ্তবয়স্ক কনটেন্ট শিল্পে যুক্ত হন। তবে দুই বছর পর সেই পেশা ছেড়ে বামপন্থী রাজনীতিতে যোগ দেন।
গত মার্চে কলম্বিয়ার নরতে দে সান্তানদার অঞ্চল থেকে নির্বাচিত হন ওরতিজ। বর্তমানে তিনি প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের সামাজিক সুরক্ষা, অধিকার এবং আইনি স্বীকৃতি নিশ্চিত করার বিষয়ে কাজ করছেন।
নির্বাচনী প্রচারণার এক ভিডিওতে ওরতিজ বলেন, ভুল তথ্য, সামাজিক কুসংস্কার এবং দ্বিমুখী নীতির কারণে এই খাতের সঙ্গে যুক্ত মানুষরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছেন।
তার অতীত পেশা নিয়ে সমালোচনার জবাবে ওরতিজ বলেন, প্রাপ্তবয়স্ক শিল্পে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত পদে আসার স্বপ্ন দেখতে পারবেন না।
তিনি ইতালির সাবেক আইনপ্রণেতা ও প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী ইলোনা স্ট্যালারের উদাহরণ তুলে ধরে বলেন, তার অভিজ্ঞতা বৈষম্য, স্বাধীনতা ও জনমুখী অর্থনীতি সম্পর্কে ধারণা তৈরি করেছে, যা এখন আইনসভায় কাজে লাগাতে চান।
ওরতিজ বলেন, সমাজে অনেকে প্রাপ্তবয়স্ক কনটেন্ট দেখলেও এই খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলার সুযোগ দিতে চায় না।
কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট সিনেটে ২৫টি আসন পেয়ে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে। দলটির প্রার্থী তালিকায় ২৩তম অবস্থানে থাকায় নির্বাচিত হন ওরতিজ।
নির্বাচনে জয় পাওয়ার পর তিনি বলেন, তিনি মানুষের ভালোবাসা ও সমর্থন অনুভব করছেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং যৌন নিপীড়ন প্রতিরোধেও কাজ করার অঙ্গীকার করেছেন।
কলম্বিয়ায় রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতার মধ্যেই তার এই নির্বাচিত হওয়াকে দেখছেন বিশ্লেষকরা। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী ৭ আগস্ট শপথ নেবেন রক্ষণশীল রাজনীতিক অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!