যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৯ PM

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৮

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চালানো এই সমন্বিত হামলায় দেশটির একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

হামলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বড় ধরনের হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি বিমান হামলার সাইরেন বাজলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

মধ্য ইউক্রেনের ক্রাইভি রিগ এলাকার কাছে একটি গ্রামে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত করলে সেখানে থাকা দুই কন্যাশিশু নিহত হয়। তাদের বয়স ছিল ৫ ও ১২ বছর। ওই এলাকায় মোট ছয়জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

রাজধানী কিয়েভেও রাতভর হামলা চালানো হয়। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় একজন নিহত হয়েছেন এবং কয়েকটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া পোলতাভা ও লভিভসহ অন্যান্য এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

লভিভ শহরে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও কাজ করেছেন।

ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় রুশ হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুদ্ধবিমান মোতায়েন করেছে প্রতিবেশী দেশ পোল্যান্ড।

এদিকে রাশিয়ার পেনজা শহরে পাল্টা হামলার ঘটনাও ঘটেছে বলে দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুদামে হামলায় একজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর কাছে আরও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়ে আসছেন। তার দাবি, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে এ ধরনের হামলায় প্রাণহানি কমানো সম্ভব।

ইউক্রেন রুশ হামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!