যুক্তরাষ্ট্র   রবিবার ২ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩

টুথপেস্ট কেনার আগে যেসব তথ্য যাচাই করতে বলল বিএসটিআই

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:১১ PM

২১
টুথপেস্ট কেনার আগে যেসব তথ্য যাচাই করতে বলল বিএসটিআই

ছবি: সংগৃহীত

টুথপেস্ট কেনার সময় পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের সময় এবং বিএসটিআইয়ের সিএম (CM) লাইসেন্স নম্বর অবশ্যই যাচাই করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে অচেনা বা অনুমোদনহীন ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বাজারে বিক্রি হওয়া কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়ে প্রকাশিত একটি জরিপের পর বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বিএসটিআই জানায়, বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের নমুনা সংগ্রহ করে স্বতন্ত্র পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংস্থাটির মতে, মাইক্রোপ্লাস্টিক বা মাইক্রোবিড হলো অত্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণা, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশে এসব উপাদানের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করা হয়েছে।

বিএসটিআই আরও জানায়, বাংলাদেশে টুথপেস্ট উৎপাদনের ক্ষেত্রে নির্ধারিত মান অনুসারে ক্ষতিকর উপাদান, জীবাণু এবং বিষাক্ততার পরীক্ষা বাধ্যতামূলক। পরীক্ষায় কোনো পণ্যে নিষিদ্ধ বা ক্ষতিকর উপাদানের উপস্থিতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া আমদানিকৃত টুথপেস্টের ক্ষেত্রেও মান নিয়ন্ত্রণ ও বাজার তদারকি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিএসটিআই। জনস্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ও বিদেশি উভয় ধরনের পণ্যের মান নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএসটিআই টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!