যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

মানবপাচার ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩ PM

মানবপাচার ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত আন্তর্জাতিক মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে বিশ্ব মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতর (ইউএনওডিসি) এবং জাতিসংঘ অভিবাসন নেটওয়ার্কের কাউন্টার ট্রাফিকিং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

মন্ত্রী বলেন, বর্তমানে মানবপাচার চক্রগুলো আগের মতো শুধু প্রচলিত পদ্ধতিতে নয়, বরং অনলাইন প্ল্যাটফর্ম, ভুয়া চাকরির বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। বিশেষ করে তরুণ ও বিদেশে চাকরি প্রত্যাশীদের আকর্ষণীয় প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে।

তিনি জানান, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের বিদেশে নিয়ে গিয়ে সাইবার স্ক্যামসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করা হচ্ছে। এসব আধুনিক অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে অনলাইন প্রতারণা, প্রযুক্তিনির্ভর প্রলোভন এবং জোরপূর্বক অপরাধে বাধ্য করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার, আইনি সহায়তা, পুনর্বাসন এবং সুরক্ষা নিশ্চিত করতে ‘ন্যাশনাল রেফারেল মেকানিজম’ আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ সমাজ, নারী ও অভিবাসন প্রত্যাশীদের নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

মানবপাচার অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!