যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের রিট, আদেশ দেবে হাইকোর্ট ৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:১৭ PM

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের রিট, আদেশ দেবে হাইকোর্ট ৬ আগস্ট

ছবি: সংগৃহীত

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান এ বিষয়ে রিট আবেদন করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, পুরুষদের সুরক্ষার জন্য পৃথক আইন প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হতে পারে। পাশাপাশি বিদ্যমান কিছু আইনের অপব্যবহারের কারণে পুরুষদের হয়রানির ঝুঁকি কমবে বলে আবেদনকারীর দাবি।

আবেদনে আরও বলা হয়, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এবং ‘যৌতুক আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে অগ্রহণযোগ্য ঘোষণা করা হবে না, সে বিষয়েও আদালতের কাছে রুল জারির আবেদন করা হয়েছে।

পুরুষ নির্যাতন আইন হাইকোর্ট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!