যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায়, শুরু তিন দিনের সরকারি সফর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৯ PM

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায়, শুরু তিন দিনের সরকারি সফর

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে কূটনৈতিক মহল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় সার্জিও গরকে স্বাগত জানিয়ে বলেন, এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

সফরের প্রথম দিনেই সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমান আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বৈঠকের আলোচ্যসূচিতে স্থান পেতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!