এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি প্রাইভেটকারের জানালার গ্লাস ভেঙে গেলে ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুইজন আহত হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রের দাবি, জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে সিলেট নগরীর উদ্দেশে রওনা দিলে হরিপুর বাজারের একটি নির্জন এলাকায় একদল দুর্বৃত্ত গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বহরের একটি প্রাইভেটকারের দরজার গ্লাস ভেঙে যায়।
দলটির ভাষ্য অনুযায়ী, ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তাদের দুজনের হাত কেটে যায় এবং রক্তপাত হয়।
এনসিপির দাবি, ঘটনাটি পুলিশি পাহারায় গাড়িবহর চলাচলের সময় ঘটেছে। হামলার পরপরই ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলেও বহরটি নিরাপদে সিলেট নগরীর দিকে রওনা দেয়।
তবে হামলার ঘটনায় কারা জড়িত বা কী কারণে এ হামলা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি সিলেট অঞ্চলে এনসিপির বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক হামলার অভিযোগ সামনে এসেছে। সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!