ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ হতে না হতেই ফুটবলপ্রেমীদের সামনে এসেছে আরেকটি সম্ভাব্য মহারণ। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকার সেরা দল আর্জেন্টিনা আবারও মুখোমুখি হতে পারে কাতারের লুসাইল স্টেডিয়ামে।
দুই মহাদেশের চ্যাম্পিয়ন দলের মধ্যকার এই মর্যাদাপূর্ণ ম্যাচটি ‘ফিনালিসিমা’ নামে পরিচিত। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই ম্যাচ।
এর আগে ২০২৬ বিশ্বকাপের আগেই স্পেন ও আর্জেন্টিনার মধ্যে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা ছিল। কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ভ্রমণ জটিলতার কারণে তা স্থগিত করা হয়।
পরবর্তীতে স্পেনের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা দুই দেশের মাঠে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব উঠলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক মার্টিন আরেভালোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে কাতারের লুসাইল স্টেডিয়ামেই আয়োজন করা হতে পারে বহুল আলোচিত এই ম্যাচ। তবে উয়েফা ও কনমেবলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ফিনালিসিমার সর্বশেষ আসরে ২০২২ সালে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
এদিকে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি জিতে নেয় স্পেন। অতিরিক্ত সময়ে ম্যাচের ১০৬তম মিনিটে জয়সূচক গোল করেন ফেরান তোরেস।
ফিনালিসিমা অনুষ্ঠিত হলে সেটি হবে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। অন্যদিকে স্পেনের সামনে থাকবে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করার লক্ষ্য।
স্পেন বনাম আর্জেন্টিনা কাতার ফুটবল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!