ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পথে রয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে পারে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।
দীর্ঘ দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো গড়েছেন একের পর এক রেকর্ড। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করার কীর্তি এখনো তার দখলে।
ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের তথ্য অনুযায়ী, পর্তুগালের এক এজেন্ট জানিয়েছেন, একটি ম্যাচ খেলার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।
জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর স্পোর্টিং লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে ম্যাচে শেষবারের মতো পর্তুগালের জার্সিতে দেখা যেতে পারে এই তারকাকে।
পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস দায়িত্ব নেওয়ার পরও দলে বড় পরিবর্তনের পথে যাচ্ছেন না। তার এই সিদ্ধান্ত রোনালদোর জন্য বিদায়ী ম্যাচ খেলার সুযোগ তৈরি করেছে।
জাতীয় দলের হয়ে রোনালদোর পরিসংখ্যান অসাধারণ। তিনি এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২৩৩টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ১৪৬টি গোল। আন্তর্জাতিক ফুটবলে দুই ক্ষেত্রেই তিনি শীর্ষে অবস্থান করছেন।
পর্তুগালের হয়ে রোনালদো জিতেছেন ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। এছাড়া তার ঝুলিতে রয়েছে ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের দুটি শিরোপা।
বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো ক্লাব ফুটবলে এখনো সক্রিয়। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ক্লাব পর্যায়ে আরও কিছু অর্জনের লক্ষ্য নিয়ে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও রোনালদোর সামনে রয়েছে আরেকটি বড় লক্ষ্য। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট গোলসংখ্যা ৯৭৬। অবসরের আগে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চান এই ফুটবল মহাতারকা।
ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল পর্তুগাল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!