ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন নিকোলাস ওতামেন্দি। ২০২২ বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার আবেগঘন বার্তায় জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পরার গর্ব ও দায়িত্ব তিনি সব সময় হৃদয়ে ধারণ করেছেন।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা কাটিয়ে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত হচ্ছেন ৩৮ বছর বয়সী ওতামেন্দি। এরই মধ্যে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে অনুশীলন শুরু করেছেন তিনি। নতুন ক্লাবের হয়ে বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচে তাঁর অভিষেক হওয়ার কথা রয়েছে।
জাতীয় দলের হয়ে ওতামেন্দি খেলেছেন ১৩৯টি ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে তিনি জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা। ২০২৬ বিশ্বকাপেও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।
বিদায়বার্তায় ওতামেন্দি বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি পরার স্বপ্ন দেখতেন তিনি। দেশের হয়ে খেলার প্রতিটি মুহূর্তকে তিনি গর্ব ও দায়িত্ব হিসেবে নিয়েছেন।
তিনি আরও জানান, বিশ্বকাপ ফাইনালই জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ হওয়াটা যেন ভাগ্যের লিখন ছিল। যদিও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, তবে দলের লড়াই ও নিজের সর্বোচ্চ দেওয়ার বিষয়টি নিয়ে তিনি সন্তুষ্ট।
ইনস্টাগ্রামে জাতীয় দলের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও প্রকাশ করে ওতামেন্দি আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য।
ইউরোপে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ওতামেন্দি খেলেছেন পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার মতো ক্লাবে। সম্প্রতি ইউরোপ অধ্যায়ের সমাপ্তি টেনে তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে।
জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচে ৮ গোল করা ওতামেন্দি আর্জেন্টিনা ফুটবলের অন্যতম সফল প্রজন্মের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিদায় নিলেন।
Otamendi retirement Argentina football team বিশ্বকাপ ২০২৬
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!