যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

ময়মনসিংহে ডিবি পুলিশ পরিচয়ে ফোনে টাকা দাবি, প্রতারণা চক্র শনাক্তে চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০২:২৪ PM ১০১
ময়মনসিংহে ডিবি পুলিশ পরিচয়ে ফোনে টাকা দাবি, প্রতারণা চক্র শনাক্তে চেষ্টা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ফোন করে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগীর পরিবারের সতর্কতায় প্রতারণার এই চেষ্টা ব্যর্থ হয়।

ভুক্তভোগী মিল্টন সরকার ধোবাউড়া উপজেলার গুজিরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে একটি স্টুডিও পরিচালনা করেন। তাঁর কাছে ফোন করে প্রতারক চক্র প্রথমে পরিবারের সদস্যদের বিষয়ে তথ্য নেয় এবং পরে দাবি করে যে তাঁর ছেলে মাদকসহ আটক হয়েছে।

প্রতারকরা ভয় দেখিয়ে জানায়, টাকা না দিলে মামলা করা হবে এবং তার ছেলের জেল হতে পারে। এ সময় ফোনে কান্নাজড়িত কণ্ঠ শোনানো হয়, যা শুনে ভুক্তভোগী প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা দ্রুত যাচাই করে জানতে পারেন যে তাঁর ছেলে সম্পূর্ণ নিরাপদে আছেন। এরপর তারা টাকা পাঠানোর জন্য সময় চেয়ে ডিবি পুলিশের পরিচয় দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যায়, এক পর্যায়ে প্রতারকরা কল কেটে দেয়।

ভুক্তভোগীর ছেলে সৌরভ সরকার, যিনি একজন ভিডিও জার্নালিস্ট, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরে সবাইকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রতারক চক্রকে শনাক্ত করতে কাজ চলছে। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের ফোন পেলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ ধোবাউড়া ডিবি_পুলিশ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!