যুক্তরাষ্ট্র   শনিবার ১ আগস্ট ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করাই সরকারের লক্ষ্য: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৪:২১ PM

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করাই সরকারের লক্ষ্য: মীর শাহে আলম

ছবি : সংগৃহীত

দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১ আগস্ট) বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকেরা অংশ নেন।

মীর শাহে আলম বলেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই ক্রীড়াক্ষেত্রকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে সরকার।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে বের করার একটি বড় উদ্যোগ। শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রতিভা বিকাশের সমান সুযোগ পায়, সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রয়োজন। এজন্য দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংরক্ষণ, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আসন্ন ফুটবল প্রতিযোগিতা সফল করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন, অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!