ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাদেশি আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মনোজ কুমার বলেন, দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে এই সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করা সম্ভব। ভারত ও বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করতে তার দেশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
এর আগে ভারতীয় সহকারী হাই কমিশনার হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে হিলি ডাকবাংলোয় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সভায় বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডলসহ হিলি স্থলবন্দরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!