ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII) ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছে। প্রতিনিধিদলটি আগামী ১৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। সফরকে সামনে রেখে প্রতিনিধিদলের একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নানা টানাপোড়েনের মধ্যে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। গত দুই বছরে বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে দুই দেশের ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরকালে ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে। এছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) কর্মকর্তাদের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের এক কর্মকর্তা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
ভারতের বিভিন্ন খাতের বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই দলে থাকছেন। তাদের মধ্যে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম এবং অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধিরাও রয়েছেন।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। তবে দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। ভারত থেকে বাংলাদেশের আমদানির তুলনায় দেশটিতে বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলারের মতো। ভারতীয় ব্যবসায়ী সংগঠনটির মতে, বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, অশুল্ক বাণিজ্য বাধা কমানো এবং সীমান্ত অবকাঠামোর উন্নয়ন করা গেলে দুই দেশের বাণিজ্য আরও উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
সফরে বিনিয়োগের নতুন সুযোগ, বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সংশ্লিষ্টদের মতে, ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সক্রিয় করার পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
বাংলাদেশ-ভারত বাণিজ্য ১৮ সদস্যের প্রতিনিধি দল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!