যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতা বাড়ানোর আলোচনা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ PM ৩০
জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতা বাড়ানোর আলোচনা

ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং প্রযুক্তি ও গবেষণায় সহযোগিতা জোরদার করতে বৈঠক করেছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমি। রাজধানীর গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় জ্বালানি, সৌরবিদ্যুৎ, ব্যাটারি প্রযুক্তি ও আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের মতো বিষয় গুরুত্ব পায়।

সিসিপিআইটি একাডেমির প্রেসিডেন্ট ঝাও পিংয়ের নেতৃত্বে দুই সদস্যের চীনা প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বিসিসিসিআইয়ের মহাসচিব জামিলুর রহমান তাঁদের স্বাগত জানান। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বড় অভ্যন্তরীণ বাজার, জনমিতিক সুবিধা এবং বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কথা বলেন ঝাও পিং। দক্ষিণ এশিয়ার অর্থনীতি নিয়ে যৌথ গবেষণায় বিসিসিসিআইকে সম্পৃক্ত করার সম্ভাবনাকেও তিনি ইতিবাচকভাবে দেখেন। পাশাপাশি বেইজিংয়ের নীতিমালা ও বাণিজ্য কৌশল বিষয়ে সিসিপিআইটি একাডেমির প্রশিক্ষণ কর্মসূচির বিষয়টি তুলে ধরা হয়।

বৈঠকে জ্বালানি খাতের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি সংরক্ষণাগার নির্মাণ, উন্নত ব্যাটারি প্রযুক্তি এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা। এসব খাতে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের বিষয়টিও আলোচনায় আসে।

প্রদর্শনী শিল্পের উন্নয়ন নিয়েও বেশ কিছু প্রস্তাব উঠে আসে। চট্টগ্রামের প্রদর্শনী কেন্দ্রের অবকাঠামো ও যাতায়াতব্যবস্থা আধুনিক করা, বৈদ্যুতিক যানবাহন, সৌরপ্রযুক্তি এবং খাদ্যপণ্য নিয়ে বিশেষায়িত আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনার অংশ ছিল।

বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মো. আবু তাহের দুই প্রতিষ্ঠানের এক দশকের সম্পর্কের কথা তুলে ধরেন। চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যমেলা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে সিসিপিআইটির সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে বিসিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার আতিকুর রহমান ও মাসুদ আলী খান, উপদেষ্টা মো. ফয়জুল আলম এবং পরিচালক ড. মো. রাকিবুল হক উপস্থিত ছিলেন। প্রযুক্তি হস্তান্তর, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশাবাদ প্রকাশ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

বাংলাদেশ-চীন বাণিজ্য

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!