যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১১:৩৮ PM ৭১
বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

সারাদেশে সরকারি বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে বিরোধীদলের সংসদ সদস্যরা সরকারি দলের এমপিদের ধারে-কাছেও নেই বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি বরাদ্দ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ নয়। দেশের সুষম উন্নয়নের স্বার্থে সব এলাকার মানুষের অধিকার বিবেচনায় নিয়ে বরাদ্দ দেওয়া উচিত। কিন্তু সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদলের প্রতি বৈষম্যের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার পরিচালনায় সরকারি দল ও বিরোধীদল—উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি কার্যকর বিরোধীদল ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণতা পায় না। অথচ সংসদে বিরোধীদল হিসেবে তাদের প্রাপ্য অধিকার থেকে বহুলাংশে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির।

সংসদের সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, বিরোধীদলের নির্বাচনী এলাকার দায়িত্বে সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার মতে, এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক ভারসাম্য ও গণতান্ত্রিক পরিবেশের জন্য সহায়ক নয়।

শফিকুর রহমান আরও বলেন, একটি দেশে বৈষম্য বাড়তে থাকলে সামাজিক অসন্তোষ সৃষ্টি হয় এবং স্থিতিশীল উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। তাই বৈষম্যহীন ও স্থিতিশীল সমাজ গঠনে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি।

আন্দোলনের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের দাবি ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা নিয়মতান্ত্রিক উপায়ে কর্মসূচি পালন করছেন। তবে পরিস্থিতি এমন পর্যায়ে নেওয়া উচিত নয়, যাতে রাজনৈতিক দলগুলোকে রাজপথে নামতে বাধ্য হতে হয়।

তিনি বলেন, বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সংরক্ষিত সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ অন্যান্য নেতারা। এ সময় জামায়াত আমিরের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!