ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি পুরোপুরি বাদ দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তাঁর মতে, রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা ও আচরণবিধির আওতায় তা পরিচালনা করা উচিত।
শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ‘Freshers’ Reception & Career Guideline Program 2026’ আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি কোড অব কনডাক্ট থাকা প্রয়োজন। এ বিষয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে কিছু দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।
ছাত্রশিবির সভাপতি বলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের সামনে তাদের আদর্শ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরতে পারে। কোনো শিক্ষার্থী সেই আদর্শ গ্রহণ করবে কি না, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত হওয়া উচিত।
তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো শিক্ষার্থীকে জোর করে রাজনৈতিক দলের স্বার্থে কাজ করানো উচিত নয়। দলীয় স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করার পরিবর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
ক্যাম্পাসের রাজনৈতিক সমস্যার সমাধান প্রসঙ্গে তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, সমস্যার কারণে পুরো ব্যবস্থাকে বাদ দেওয়ার পরিবর্তে সমস্যাটির সমাধান করা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কে জানার পাশাপাশি দেশ গঠনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিখাতে অগ্রগতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, দক্ষ ও জ্ঞানসম্পন্ন জনশক্তি গড়ে তুলতে না পারা দেশের পিছিয়ে থাকার অন্যতম কারণ।
শিশির মনির শিক্ষার্থীদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যে রাজনৈতিক স্লোগানের পরিবর্তে দেশকে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে।
প্রচলিত ছাত্ররাজনীতির কারণে শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক সংগঠনের প্রভাব নিয়েও সতর্ক করেন তিনি। কোনো সংগঠন যেন শিক্ষার্থীদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে এবং শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে নিজেদের মত ও চিন্তা বিকাশের সুযোগ পায়—এমন আহ্বান জানান তিনি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!