যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে বিদ্যুৎ প্রকল্পের কাজে বাধার অভিযোগ, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:০৩ PM ৭৪
পিরোজপুরে বিদ্যুৎ প্রকল্পের কাজে বাধার অভিযোগ, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

পিরোজপুরে বিদ্যুৎ বিভাগের নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রতীকী

পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বিদ্যুৎ বিভাগের সাবস্টেশন নির্মাণের কাজে বাধা, নির্মাণসামগ্রী ভাঙচুর এবং ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যানও রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, কৃষক দলের সাবেক সভাপতি রাজু এবং শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।

মামলার এজাহার অনুযায়ী, কদমতলা এলাকায় ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর একটি সাবস্টেশন নির্মাণের প্রস্তুতি হিসেবে বালু ভরাটের কাজ চলছিল। অভিযোগ রয়েছে, কয়েক দিন ধরে আসামিরা ওই কাজে বাধা দিয়ে আসছিলেন। একপর্যায়ে তারা প্রকল্পের ঠিকাদার মো. জাকির হোসেনের কাছে অর্থ দাবি করেন।

এজাহারে আরও বলা হয়েছে, দাবিকৃত অর্থ না দেওয়ায় বালু ভরাটে ব্যবহৃত পিভিসি পাইপসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ভাঙচুর করা হয়। একই সঙ্গে ঠিকাদারের কাছে বালু ভরাটের কাজের অংশীদারত্ব এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করার অভিযোগও রয়েছে।

ঘটনার পর ছয়জনকে আসামি করে রোববার সদর থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে হাসিব শেখ, রাজু ও আশরাফুলকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার প্রধান আসামি আব্দুস সালাম শেখকে র‍্যাব গ্রেপ্তার করে। পুলিশ জানায়, বাসে করে ঢাকা যাওয়ার সময় মোবাইল ফোনের অবস্থান শনাক্তের মাধ্যমে রোববার দুপুরে পদ্মা সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তী সময়ে র‍্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করবে এবং এরপর আদালতে পাঠানো হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে অভিযুক্ত নেতাকর্মীদের বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম ছাইদুল ইসলাম কিসমত বলেন, মামলায় আটক নেতা-কর্মীরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!