যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

নোংরা ভাষার পাল্টা জবাব দেওয়া ঠিক হয়নি, বললেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ PM ৬০
নোংরা ভাষার পাল্টা জবাব দেওয়া ঠিক হয়নি, বললেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ফাইল ছবি

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে অতীতে টকশোতে দেওয়া নিজের আপত্তিকর মন্তব্য প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভবিষ্যতে ভাষার ব্যবহারে আরও সতর্ক থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

নিজের রাজনৈতিক বক্তব্যের ভাষা নিয়ে আত্মসমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কয়েক মাস আগে টকশোতে তিনি যে আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন, সেটিকে এখন অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।

রাশেদ খাঁনের দাবি, অতীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ সরকারের মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কথাবার্তার প্রতিবাদ করতে গিয়ে তিনি ওই মন্তব্য করেছিলেন। একই সঙ্গে নিজের বিরুদ্ধেও পাটওয়ারীর অশ্রাব্য মন্তব্যের কারণে ব্যক্তিগত ক্ষোভ তৈরি হয়েছিল বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, একপর্যায়ে দুজনের মধ্যে এ ধরনের বক্তব্য বন্ধ রাখার বিষয়ে যোগাযোগ হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, পাটওয়ারী তাকে ফোনও করেছিলেন। তবে কয়েক ঘণ্টা পর সেই সমঝোতা আর বজায় থাকেনি বলে দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরলেও নিজের অবস্থান নিয়ে এবার ভিন্ন সুরে কথা বলেছেন রাশেদ খাঁন। তিনি বলেন, পাল্টা জবাব হিসেবে একই ধরনের ভাষা ব্যবহার করা তার ঠিক হয়নি। নিজের ওই প্রতিক্রিয়াকে তিনি ‘টিট ফর ট্যাট’ ধরনের অবস্থান হিসেবে ব্যাখ্যা করেছেন।

রাশেদ খাঁনের মতে, ২০২৪-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দেশ গঠন, মানবিক মর্যাদা এবং বৃহত্তর জনকল্যাণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই জায়গা থেকে নিজের ভাষাগত ভুল প্রত্যাহার করে ভবিষ্যতে নিজেকে সংশোধনের প্রত্যয় জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের ক্ষেত্রে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত ভাষার চর্চার ওপর গুরুত্ব দেন।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের অতীতও পোস্টে তুলে ধরেছেন রাশেদ খাঁন। তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি ভাষা ব্যবহারে সতর্ক ও সহনশীল থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান তিনি।

পোস্টের শেষ দিকে ঘৃণা ছড়ানোর রাজনীতির বিরুদ্ধেও অবস্থান জানান রাশেদ খাঁন। তার ভাষ্য, পারস্পরিক বিদ্বেষ থেকে কোনো পক্ষই লাভবান হবে না; বরং এতে বিরাজনীতিকরণের সুযোগ খোঁজা গোষ্ঠীগুলো সুবিধা পেতে পারে।

রাশেদ খাঁন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!