যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ PM ৬৯
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ হাইকোর্টে

ছবি: হাইকোর্ট। ফাইল ছবি

আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালতের ভাষ্য অনুযায়ী, রিটটি উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করা হয়েছে।

রোববার ১৩ সেপ্টেম্বর বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের পর আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুল সাংবাদিকদের বলেন, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন—এ বিষয়টি আদালতের কাছে তুলে ধরা হয়েছে। তাঁর বক্তব্য, আওয়ামী লীগের কেউ না হওয়ায় আল আমিনের এ ধরনের রিট করার অধিকার নেই।

রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী ইউনূস আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন গত ৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিটটি দায়ের করেন। তাঁর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী।

রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার জন্য আদালতের কাছে রুল চাওয়া হয়েছিল। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতের আবেদনও করা হয়।

২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশ্লিষ্টদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকার কথা বলা হয়।

প্রজ্ঞাপনে প্রকাশনা ও প্রচার-প্রচারণার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আওতায় গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ দল ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

হাইকোর্টের রোববারের আদেশের মধ্য দিয়ে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি আর বিচারিকভাবে এগোল না।

হাইকোর্ট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!