মালয়েশিয়া সফরে স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে মির্জা আব্বাস; ছবি: সংগৃহীত
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বুধবার (১৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।
এর আগে দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পরদিনই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিলেও দীর্ঘ চিকিৎসার কারণে এর আগে সংসদের কোনো অধিবেশনে অংশ নেওয়া সম্ভব হয়নি তাঁর।
মির্জা আব্বাসের চিকিৎসা শুরু হয় চলতি বছরের ১১ মার্চ। ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে চেতনা হারানোর পর ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের জন্য ১৪ এপ্রিল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে তাঁর ফিজিওথেরাপি চলছিল।
চিকিৎসকদের পরামর্শে সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর সংসদে যোগ দিয়ে তিনি নিজের নির্বাচনী এলাকা ও দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এবারের মালয়েশিয়া সফরকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাঁর সফরের মেয়াদ বা পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মির্জা আব্বাস
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!