যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

৪৯তম বিসিএসের গেজেট নিয়ে এবি পার্টি: রাজনৈতিক পরিচয় যেন মানদণ্ড না হয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:৫১ PM ৫০
৪৯তম বিসিএসের গেজেট নিয়ে এবি পার্টি: রাজনৈতিক পরিচয় যেন মানদণ্ড না হয়

৪৯তম বিসিএসের গেজেট প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম হওয়া প্রার্থীসহ ৫৭ জনের নাম এতে রাখা হয়নি। বাদ পড়ার নির্দিষ্ট কারণ গেজেটে উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে বলেন, প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিএসসির সুপারিশ পাওয়ার পরও কারও নিয়োগ চূড়ান্ত না হওয়া উদ্বেগজনক। তাদের মতে, একটি সরকারি চাকরি শুধু একজন প্রার্থীর কর্মসংস্থানের বিষয় নয়; এর সঙ্গে তাঁর পরিবারের আর্থিক নিরাপত্তাও জড়িত। তাই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়সংগত আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

এবি পার্টির নেতারা বলেন, কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা আইনত নিষিদ্ধ কোনো কাজে জড়িত না থাকলে শুধু রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে তাঁর নিয়োগ আটকে দেওয়া উচিত নয়। একইভাবে পরিবারের কোনো সদস্যের রাজনৈতিক সম্পৃক্ততাকেও চাকরির ক্ষেত্রে বিবেচনার ভিত্তি করা উচিত নয় বলে তারা মত দেন।

তাদের বক্তব্য, সরকারি চাকরিতে প্রার্থীর মূল্যায়ন হওয়া উচিত তাঁর নিজস্ব মেধা, যোগ্যতা, সততা ও ব্যক্তিগত রেকর্ডের ভিত্তিতে। বাবা, চাচা বা মামা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত—এটি কোনো প্রার্থীর নিয়োগের মানদণ্ড হওয়া উচিত নয় বলেও তারা উল্লেখ করেন।

এবি পার্টির নেতারা আরও বলেন, অতীতেও রাজনৈতিক পরিচয় ও পারিবারিক সম্পৃক্ততার কারণে মেধাবীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছিল। এখন একই ধরনের অভিযোগ নতুন করে সামনে এলে তা নিয়ে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। তাদের ভাষ্য, সরকার পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আচরণ ও বঞ্চনার সংস্কৃতিতেও পরিবর্তন আসা প্রয়োজন।

তারা ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ৫৭ জনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তবে এ ক্ষেত্রে ফৌজদারি অপরাধে জড়িত থাকার প্রমাণ না থাকলে সংশ্লিষ্টদের গেজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি চাকরিপ্রত্যাশীদের জন্য স্বচ্ছ ভেরিফিকেশন প্রক্রিয়া নিশ্চিত এবং অস্বচ্ছ বা হয়রানিমূলক যাচাই বন্ধেরও দাবি জানানো হয়েছে।

চূড়ান্ত গেজেট অনুযায়ী, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে পিএসসি ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করেছিল।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!