যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

পলাতকদের সাংগঠনিক কর্মকাণ্ডের সুযোগ নেই: এ্যানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩২ PM ৪১
পলাতকদের সাংগঠনিক কর্মকাণ্ডের সুযোগ নেই: এ্যানি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সংগৃহীত ছবি।

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্নভাবে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা হলে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের সংগঠন ১৭ বছরের কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়েছে। তাঁর দাবি, নিষেধাজ্ঞার পরও বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে কিছু অপকর্মের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সরকারে আসার পর মাত্র ছয় মাসের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে বিরোধী দল ঘন ঘন মিছিল, সভা, লংমার্চ ও রোডমার্চের কর্মসূচি দিলে তা কতটা যুক্তিসংগত, সেটি তাদের বিবেচনা করা উচিত।

নির্বাচনের আগে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক প্রচারে ব্যবহারের অভিযোগ নিয়েও বক্তব্য দেন এ্যানি। তিনি বলেন, একটি দল নিজেদের ‘আল্লাহর দল’ হিসেবে উপস্থাপন করে মানুষকে জান্নাত দেওয়ার কথা বলেছিল। তাঁর ভাষ্য, এ ধরনের বক্তব্যের মাধ্যমে মানুষের ধর্মীয় অনুভূতিতে প্রভাব ফেলে ভোট নেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি প্রশ্ন রাখেন, কোনো রাজনৈতিক দল কি কাউকে জান্নাত দিতে পারে? এ্যানির বক্তব্য অনুযায়ী, জান্নাতের বিষয়টি মানুষের ঈমান ও আকিদার সঙ্গে সম্পর্কিত এবং তা আল্লাহর হুকুমের অধীন।

পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন এবং মহিলা দল নেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!