ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দলের গুরুত্বপূর্ণ কয়েকটি পদ বিলুপ্ত করে নতুন পদ সৃষ্টি এবং নেতাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হচ্ছে। পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম দায়িত্ব পেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, এনসিপির বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব দেওয়া হতে পারে।
এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিভিন্ন সময়ে কমিটির পরিধি বাড়ানো হয়েছে। এতে নতুন নতুন পদও সৃষ্টি করা হয়। বর্তমানে দলের মুখ্য সমন্বয়ক, মুখপাত্র এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন কয়েকজন শীর্ষ নেতা।
তবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় মুখ্য সমন্বয়ক, মুখপাত্র এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক—এই চারটি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুনর্গঠিত কাঠামোয় নতুন পদ ও দায়িত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, দলের কয়েকটি পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দুটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দুটি সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন উপকমিটির প্রধানদের নামও ঘোষণা করা হবে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেলে সারজিস আলম দলের সাংগঠনিক কার্যক্রম তদারক করবেন। এ ক্ষেত্রে আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে কাজ করবেন বলে জানা গেছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে রোববার অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের সভায় ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণার বিষয়ে আলোচনা হয়।
দলীয় সভায় আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপির নেতা নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে জানা গেছে।
এ ছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেও দলীয় সভায় জানানো হয়েছে।
রাজনৈতিক পর্ষদের সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুমসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন, দায়িত্ব বণ্টন এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটি রাজনৈতিক পর্ষদ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!