ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশে শান্তি ফিরে আসছে না। একই সঙ্গে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, দলের ভেতরে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না। আগে যারা অর্থ পাচার করেছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, গ্যাসের দাম ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য বেড়েছে, যার ফলে সাধারণ মানুষকে নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে প্রত্যাশিত পরিবর্তন অর্জন কঠিন হবে।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, তাঁদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
প্রশাসনকে কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ না করে জনস্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এনসিপির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্য ইমরান হোসেন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির।
এ ছাড়া এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
দেশে রাজনৈতিক পরিস্থিতি নাহিদ ইসলাম
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!