যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

সান্তোসের হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নেইমার

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৪:০৮ PM

সান্তোসের হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নেইমার

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেই আলো ছড়িয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তোসের হয়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে রক্ষা করলেও পরের ম্যাচের আগে পেয়েছেন দুঃসংবাদ। হলুদ কার্ডের কারণে এবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি।

সান্তোসের হয়ে শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখান নেইমার। প্রথমার্ধে সতীর্থের সঙ্গে চমৎকার সমন্বয়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দুই গোল করে এগিয়ে গেলে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে সান্তোসকে সমতায় ফেরান এই ফরোয়ার্ড।

তবে ম্যাচজুড়ে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে রেফারি দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান।

এই হলুদ কার্ডের ফলেই লিগের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না নেইমার। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী, তিনটি হলুদ কার্ডের পর একজন খেলোয়াড়কে একটি ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হয়।

চলতি মৌসুমে নেইমারের হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। এর আগে একবার হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। এবার একই কারণে আবারও দলের বাইরে থাকতে হবে তাঁকে।

ফলে সান্তোসের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে দেখা যাবে না নেইমারকে। বিশ্বকাপের পর মাঠে ফিরে ভালো ছন্দ দেখালেও শৃঙ্খলাজনিত কারণে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে দলের বাইরে থাকতে হচ্ছে এই ব্রাজিলিয়ান তারকাকে।

নেইমার Brazil Football

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!