যুক্তরাষ্ট্র   রবিবার ২ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফর নিয়ে আশাবাদী শান্ত, লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৩ PM

২৬
অস্ট্রেলিয়া সফর নিয়ে আশাবাদী শান্ত, লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কঠিন এই চ্যালেঞ্জকে সামনে রেখে আত্মবিশ্বাসী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, অতীতের দিকে না তাকিয়ে দল এখন শুধুই সামনে এগিয়ে যেতে চায়।

অস্ট্রেলিয়া সফরের আগে মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শান্ত বলেন, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরির কারণে না থাকলেও সেটি নিয়ে বেশি ভাবার সুযোগ নেই। বরং যারা দলে আছেন, তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করাই এখন মূল লক্ষ্য।

তিনি জানান, টেস্ট ম্যাচ জিততে ২০ উইকেট নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলের পেস আক্রমণ অভিজ্ঞ এবং স্পিন বিভাগও শক্তিশালী। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।

ডারউইন ও ম্যাকের উইকেট সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা না থাকলেও অ্যানালিস্টদের তথ্যের ভিত্তিতে প্রস্তুতি চলছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াকেই সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ যে ধরনের টেস্ট ক্রিকেট খেলছে, সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চায় দল। নতুন কোনো কৌশলের পরিবর্তে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।

ব্যাটিং প্রসঙ্গে তিনি জানান, নির্দিষ্ট কোনো রানকে লক্ষ্য না করে পরিস্থিতি অনুযায়ী খেলতে চান। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার সুযোগ দলের জন্য বড় অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাওয়াকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন শান্ত। তার আশা, ভালো ক্রিকেট উপহার দিয়ে বাংলাদেশ ভবিষ্যতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও সিরিজ খেলার সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ দল ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকে। দুই ম্যাচের এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সফর টেস্ট ক্রিকেট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!