এফসি রোটাখ-এগার্নকে ১৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ছবি: সংগৃহীত
নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে জার্মান ফুটবল জায়ান্ট বায়ার্ন মিউনিখ। স্থানীয় ক্লাব এফসি রোটাখ-এগার্নকে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গোল উৎসব করেছে বুন্দেসলিগার অন্যতম সফল দলটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জার্মানির টেগার্নসির বুরকেনমুস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে বায়ার্ন। প্রথমার্ধেই ৬ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভিনসেন্ট কোম্পানির দল।
ম্যাচের অষ্টম মিনিটে ফিলিপ পাভিচের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এর পরের মিনিটেই আরিজন ইব্রাহিমোভিচ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ফেলিপে শাভেজের জোড়া গোলে স্কোরলাইন ৪-০ হয়। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল করেন ইব্রাহিমোভিচ। বিরতির আগে মাইকন কার্দোজোর গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে বায়ার্নের আক্রমণভাগ। বিরতির পর প্রতিপক্ষের জালে আরও ৯ বার বল পাঠায় তারা। আরমিন্দো সিব দুটি গোল করেন। কার্দোজো নিজের দ্বিতীয় গোল তুলে নেন। এ ছাড়া জোয়াও পালিনিয়া, বারা সাপোকো এনদিয়ায়ে, বাস্তিয়ান আসোমো, আলেকসান্ডার পাভলোভিচ ও জশুয়া কিমিখও গোলের তালিকায় নাম লেখান।
ম্যাচের যোগ করা সময়ে স্কেন্ডার নুরাজের গোলে বড় জয় নিশ্চিত হয় বায়ার্নের। শেষ পর্যন্ত ১৫-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি।
বড় জয়ের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট বায়ার্ন শিবির। বিশেষ করে আরিজন ইব্রাহিমোভিচ, টম বিশফ, ফেলিপে শাভেজ, মাইকন কার্দোজো ও ফিলিপ পাভিচ নিজেদের প্রতিভার জানান দিয়েছেন।
নতুন মৌসুমের প্রস্তুতি হিসেবে বাভারিয়ার লেক টেগার্নসিতে ক্যাম্প করছে বায়ার্ন মিউনিখ। সেই ক্যাম্পের অংশ হিসেবেই স্থানীয় ক্লাব রোটাখ-এগার্নের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়।
রোটাখ-এগার্নের বিপক্ষে বায়ার্নের বড় জয় অবশ্য নতুন নয়। এর আগে ২০২৩ সালের এক প্রীতি ম্যাচে একই দলের বিপক্ষে ২৭-০ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছিল জার্মান জায়ান্টরা।
এবার ১৫ গোলের জয় দিয়ে প্রস্তুতি পর্ব শেষ করে নতুন মৌসুমের আগে নিজেদের আক্রমণ শক্তির জানান দিল বায়ার্ন মিউনিখ।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!