রায়ো ভায়োকানোর বিপক্ষে জোড়া গোলের পর বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত
বার্সেলোনার জার্সিতে বয়সের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন লামিন ইয়ামাল। রায়ো ভায়োকানোর বিপক্ষে জোড়া গোল করে শুধু দলকে বড় জয়ই এনে দেননি, একই সঙ্গে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ এবং বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
সোমবার লা লিগার ম্যাচে রায়ো ভায়োকানোকে ৫-২ গোলে হারায় বার্সেলোনা। দলের হয়ে ইয়ামাল দুটি এবং রাফিনহা দুটি গোল করেন। বাকি গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে। ম্যাচের ২১ মিনিটে প্রথমবার লক্ষ্যভেদ করেন ইয়ামাল। এরপর নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
দুটি গোল করার মধ্য দিয়ে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোলসংখ্যা ৫১-তে পৌঁছেছে। এর মধ্যেই তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিনের দুটি বয়সভিত্তিক রেকর্ড।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে কম বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোল করার রেকর্ডটি আগে ছিল কিলিয়ান এমবাপ্পের দখলে। ফরাসি তারকা ১৯ বছর ২৪১ দিন বয়সে এই মাইলফলকে পৌঁছেছিলেন। ইয়ামাল সেই রেকর্ড ভেঙেছেন মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন আর্লিং হালান্ড, যিনি ২০ বছর ১৯৬ দিন বয়সে ৫০ গোল পূর্ণ করেছিলেন।
বার্সেলোনার ক্লাব ইতিহাসেও ইয়ামালের কীর্তিটি আরও তাৎপর্যপূর্ণ। ১৯৩৫ সালে জোসেপ এস্কোলা ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সার হয়ে ৫০ গোল করেছিলেন। ৯১ বছর ধরে টিকে থাকা সেই রেকর্ড এবার ভেঙে দিলেন ইয়ামাল।
এই মাইলফলকে পৌঁছাতে তিনি পেছনে ফেলেছেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসিকেও। বার্সেলোনার হয়ে মেসি ২১ বছর ১২০ দিন বয়সে ৫০ গোলের ঘরে পৌঁছেছিলেন। ফলে ১৯ বছর বয়সেই ইয়ামাল এখন বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫০ গোল করা ফুটবলার।
মৌসুমের শুরুতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় ইয়ামালকে ঘিরে আলোচনা ছিল। তবে রায়ো ভায়োকানোর বিপক্ষে জোড়া গোলের পর সেই আলোচনার জবাব মাঠেই দিয়েছেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে একের পর এক রেকর্ড গড়ে বার্সেলোনার আক্রমণভাগে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই তরুণ তারকা।
লামিন ইয়ামাল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!