ছবি: সংগৃহীত
নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে ৬-০ গোলে হারিয়ে চ্যালেঞ্জার পুলের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বুধবার (৯ সেপ্টেম্বর) চীনের মোকিতে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে একাধিক সুযোগ তৈরি করে লাল-সবুজের দল। এরপর একে একে গোল করে ব্যবধান বাড়াতে থাকে বাংলাদেশ।
এই জয়ে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ১২। এর আগে চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১ এবং কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল দলটি। চার ম্যাচে বাংলাদেশ মোট ২২ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র একটি গোল।
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন আইরিন আক্তার রিয়া ও মোসাম্মত লিমা। একটি করে গোল করেছেন অধিনায়ক শারিকা রিমন ও কনা আক্তার।
চ্যালেঞ্জার পুলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। পরের ধাপে এলিট পুলের তৃতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে তারা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপান বা দক্ষিণ কোরিয়ার নাম রয়েছে।
কোয়ার্টার ফাইনালের পরবর্তী ম্যাচেই বাংলাদেশের সামনে আরও কঠিন পরীক্ষা। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথ খুলবে। একই সঙ্গে টুর্নামেন্টের শীর্ষ পাঁচ দলের মধ্যে জায়গা করে নিতে পারলে ২০২৭ নারী জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগও তৈরি হবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!