হংকংয়ের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা। ছবি: সংগৃহীত
হংকংয়ের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আচরণবিধি ভাঙার অভিযোগে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা।
পাকিস্তানের নারী ক্রিকেটার গুল ফিরোজার শাস্তির খবর এসেছে চলতি নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ থেকে। হংকংয়ের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে ম্যাচের পঞ্চম ওভারে। হংকংয়ের বাঁহাতি স্পিনারের বলে সুইপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউ হন ফিরোজা। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ার পর মাঠে রিভিউয়ের সুযোগ না থাকায় সাজঘরের পথ ধরতে হয় তাকে।
তবে মাঠ ছাড়ার সময় নিজের ব্যাটের দিকে ইশারা করেন পাকিস্তানের এই ওপেনার। বল ব্যাটে লেগেছে—এমন ইঙ্গিত দিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার এই আচরণই পরে শাস্তির কারণ হয়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ফিরোজাকে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ফিরোজার জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। নতুন ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার পর তার শৃঙ্খলা রেকর্ডে মোট পয়েন্ট দাঁড়িয়েছে দুই।
চলতি এশিয়া কাপে শাস্তি পাওয়া পাকিস্তান দলের দ্বিতীয় ক্রিকেটারও হলেন ফিরোজা। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে শেফালি বর্মার উইকেট নেওয়ার পর আক্রমণাত্মক ভঙ্গিতে উদযাপন করায় পাকিস্তানের অধিনায়ক ফাতেমা সানাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।
তবে মাঠের বাইরের এই শাস্তির মধ্যেও টুর্নামেন্টে পাকিস্তানের অবস্থান শক্ত। হংকংকে ৭২ রানে হারিয়ে দলটি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শেষ চারে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
গুল ফিরোজা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!